হাওড়া পুরসভার অচলাবস্থা কাটবে, দ্রুত ডিলিমিটেশন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাওড়া পুরসভার অচলাবস্থা কাটাতে দ্রুত ডিলিমিটেশন, পানীয় জল, নিকাশি ও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ হাওড়া শহরের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলির সমাধানে এবং পুরসভার অচলাবস্থা কাটাতে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া দ্রুত শেষ করে পুরসভার দায়িত্বভার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে। শহরের পরিশ্রুত পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং সামগ্রিক নাগরিক পরিষেবা নিশ্চিত করাই নতুন সরকারের প্রাথমিক লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।

এছাড়াও, অতীতে বেআইনিভাবে বুজিয়ে ফেলা জলাশয়গুলির স্থানে বিকল্প জলাধার নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে একটি উচ্চপর্যায়ের ‘কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে, পুরসভার বিগত জমানার যাবতীয় দুর্নীতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসা ও মহিলাদের ওপর অত্যাচারের মতো ঘটনায় পুলিশকে কোনও রকম রেয়াত না করে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখতে ডিজি-র মারফত সরাসরি মুখ্যমন্ত্রী দফতরে নিয়মিত রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। অনুপ্রবেশ সমস্যা নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। সিএএ-র আওতায় না পড়া অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দ্রুত বিএসএফ-এর হাতে তুলে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।