২০২৬ সালের রথযাত্রা: জানুন দিনক্ষণ, সময়সূচি ও এই মহাপুণ্য তিথির মাহাত্ম্য

২০২৬ সালের রথযাত্রা কবে? জানুন ১৬ই জুলাই রথযাত্রা, ২৪শে জুলাই উল্টোরথের সম্পূর্ণ দিনক্ষণ, সময়সূচি ও এই মহাপুণ্য তিথির ধর্মীয় মাহাত্ম্য।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ :  ২০২৬ সালে রথযাত্রা কবে? এই প্রশ্ন এখন ভক্তদের মনে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই ওড়িশার পুরীতে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা। সনাতন ধর্মে এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে, যেখানে রথের দড়ি টানাকে মোক্ষ লাভের পথ হিসেবে গণ্য করা হয়। এ বছর অর্থাৎ ২০২৬ সালে রথযাত্রা অনুষ্ঠিত হবে জুলাই মাসের মাঝামাঝি সময়ে। ১৬ই জুলাই, বৃহস্পতিবার, রথযাত্রার আনুষ্ঠানিক শুভ সূচনা। এই দিন মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।১৭ই জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত দেবতারা গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন এবং ভক্তদের দর্শন দেবেন। এরপর ২৪শে জুলাই, শুক্রবার, উল্টোরথ অনুষ্ঠিত হবে, যেদিন মহাপ্রভু পুনরায় তাঁর মূল শ্রীমন্দিরে ফিরে আসবেন।

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, রথযাত্রার মাধ্যমে ভগবান জগন্নাথ জাতি, ধর্ম নির্বিশেষে সকল সাধারণ মানুষকে দর্শনের সুযোগ দেন। রথযাত্রার আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় ১০৮ কলস জলে মহাপ্রভুর স্নান এবং ১৫ দিনের অনবসর কাল পালিত হয়। পুরীর গজপতি রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের মন্ডপ পরিষ্কার করে একতার বার্তা দেন। রথযাত্রার দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে দেবদেবীর পূজা করা হয়। নিরামিষ আহার এবং ভক্তিগীতি পরিবেশন এই উৎসবের অঙ্গ। রথের মেলাও এই উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে বিভিন্ন ধরনের খাবার, খেলনা ও গৃহস্থালীর জিনিস পাওয়া যায়। পশ্চিমবঙ্গের মাহেশের রথ, ইসকনের রথযাত্রা এবং গুপ্তিপাড়ার রথও বিশেষ প্রসিদ্ধ।