মাত্র ১৫ রান করেই বিরাট কোহলির বিশ্বরেকর্ড, ভেঙে দিলেন অ্যালেক্স হেলসের কীর্তি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারলেও নতুন বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক ৫০+ রানের পার্টনারশিপের রেকর্ড এখন তাঁর দখলে।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অপ্রত্যাশিত হারের দিনেও ব্যক্তিগত এক বিরাট বিশ্বরেকর্ড গড়লেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১৫ রান করেই টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য নজির স্থাপন করলেন তিনি। এই রেকর্ড ছিল এতদিন ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের দখলে। ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ২৫৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ ওভারে ২০০ রানের বেশি তুলতে পারেনি, ফলে বিরাট ব্যবধানে হারতে হয় তাদের।

তবে দলের এই পরাজয়ের মধ্যেও বিরাট কোহলি নিজের ব্যাট হাতে ১৫ রান করলেও ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে একটি অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। আর এই পার্টনারশিপই তাঁকে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক ৫০+ রানের পার্টনারশিপের মালিক করে তোলে। বিরাট কোহলি মোট ২১১ বার সতীর্থ ব্যাটসম্যানের সঙ্গে ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপ করেছেন। এর আগে এই রেকর্ড ছিল অ্যালেক্স হেলসের দখলে, যিনি ২১০ বার এই কীর্তি স্থাপন করেছিলেন। ভারতীয় মহাতারকা এবার সেই রেকর্ড ভেঙে দিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার (২০০ বার), চতুর্থ স্থানে পাকিস্তানের বাবর আজম (১৯৬ বার) এবং পঞ্চম স্থানে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল (১৯১ বার)। দল হারলেও কোহলির এই ব্যক্তিগত কীর্তি নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।