ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও চার দিনের ভারত সফরে শনিবার সকালে কলকাতায় পৌঁছলেন। প্রায় ১৪ বছর পর আমেরিকার কোনও বিদেশ সচিবের কলকাতা সফর ঘিরে কূটনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ২০১২ সালে হিলারি ক্লিনটন কলকাতায় এসেছিলেন। বিমানবন্দরে নামার পর রুবিও সরাসরি মধ্য কলকাতার মাদার হাউসে যান। সেখানে তিনি সেন্ট টেরেসার প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির সদর দফতরে প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শিশু ভবনও ঘুরে দেখেন। পরে তাঁর ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনেরও কর্মসূচি ছিল।
কলকাতা সফর দিয়েই রুবিওর প্রথম ভারত সফরের সূচনা হওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা এই সফরের মূল বিষয়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বিমানবন্দরে রুবিওকে স্বাগত জানান। ২৩ থেকে ২৬ মে পর্যন্ত রুবিও কলকাতার পাশাপাশি আগ্রা, জয়পুর এবং নয়াদিল্লিতেও যাবেন।
সফরের অন্যতম প্রধান আকর্ষণ হল আগামী ২৬ মে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোটের মূল লক্ষ্য একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা। এই সফরে ভারত-আমেরিকা সম্পর্ককে ‘অত্যন্ত মজবুত’ এবং ভারতকে ‘মহান অংশীদার’ হিসেবে বর্ণনা করেছেন রুবিও।








