ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবান্নে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি একগুচ্ছ বড় ঘোষণা করেন। তাঁর ঘোষণা অনুযায়ী, আগামী জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রথম ধাপে স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত প্রায় ৬ কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। পরবর্তীতে ধীরে ধীরে যাঁরা এখনও স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করেননি, তাঁদেরও এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এছাড়াও, কাজের সূত্রে অন্য রাজ্যে থাকা বাংলার প্রায় এক কোটি মানুষও এই প্রকল্পের সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারতের জন্য কেন্দ্র ইতিমধ্যেই ৯৭৬ কোটি টাকা অনুমোদন করেছে বলেও তিনি উল্লেখ করেন। আয়ুষ্মান ভারত ছাড়াও, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৩০ মে থেকে রাজ্যে ১৪ থেকে ১৫ বছর বয়সি প্রায় ৭ লক্ষ কিশোরীকে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধের টিকা দেওয়া শুরু হবে। পাশাপাশি, রাজ্যে ৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র তৈরি করা হবে এবং ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে দুরারোগ্য রোগের ওষুধে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। রাজ্যের চারটি জেলায় নতুন মেডিক্যাল কলেজ তৈরির জন্য কেন্দ্রের কাছে জমির প্রস্তাব পাঠানো হবে এবং উত্তরবঙ্গে এইমস তৈরির বিষয়েও আলোচনা করা হবে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের জন্য কেন্দ্র ২১০৩ কোটি টাকা অনুমোদন করেছে, যার মধ্যে ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্য পেয়েছে। কলকাতায় ‘টিবি মুক্ত ভারত’ কর্মশালাও আয়োজন করা হবে।








