তেলঙ্গানায় তীব্র দাবদাহে মৃত ১৬, পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা

তেলঙ্গানায় তীব্র দাবদাহে মৃত ১৬ জন। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ মে পর্যন্ত চলবে তাপপ্রবাহ।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ তেলঙ্গানায় চলতি মরশুমে তীব্র দাবদাহ ও লু-এর কারণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। সে রাজ্যের রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন। তিনি মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৬ মে পর্যন্ত ওই রাজ্যে দাবদাহ বজায় থাকবে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, তীব্র গরমে কার্যত ভয়াবহ অবস্থা তেলঙ্গানার বিভিন্ন জেলায়। জয়শঙ্কর ভূপালপল্লি জেলা থেকে সবচেয়ে বেশি ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও, ওয়ারঙ্গল আরবান, করিমনগর ও নিজামাবাদ জেলা থেকে ৩ জন করে এবং জোগুলাম্বা গদওয়াল, রঙ্গারেড্ডি ও সূর্যপেট জেলা থেকে ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, করিমনগর, পেদ্দাপল্লি, জয়শঙ্কর ভূপালপল্লি, মুলুগু, খাম্মাম, নলগোন্ডা, সূর্যপেট, মাহবুবনগর, হায়দরাবাদ এবং রঙ্গারেড্ডি জেলায় দাবদাহ চলবে।

রাজস্ব মন্ত্রী শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, এল নিনো-র প্রভাবে চলতি বছরের গরম আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। যে সমস্ত গ্রামে তাপমাত্রা সবচেয়ে বেশি রেকর্ড হয়েছে, সেই এলাকাগুলি চিহ্নিত করে স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রবীণ নাগরিক, গর্ভবতী মহিলা, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, বাসস্ট্যান্ড, বাজার, রাস্তা এবং শ্রমিকদের কাজের জায়গায় পর্যাপ্ত পানীয় জল এবং ORS প্যাকেটের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।