ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ ভোপালের মডেল ত্বিষা শর্মার রহস্যজনক মৃত্যুর তদন্তে নতুন মোড়। তদন্তকারীদের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ, যা এই মামলার গতিপথ বদলে দিতে পারে। জানা গিয়েছে, গত ১২ মে দুপুরে ত্বিষা একটি স্যালোঁয় গিয়েছিলেন এবং প্রায় তিন ঘণ্টা সেখানে ছিলেন। এর কয়েক ঘণ্টা পরেই শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্যালোঁর মালিক কিরণ পারিহর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার পরের দিন ত্বিষার শাশুড়ি গিরিবালা সিং তাঁকে একাধিকবার ফোন করেন। গিরিবালা ত্বিষার গতিবিধি এবং সিসিটিভি ফুটেজ সম্পর্কে খুঁটিয়ে জানতে চেয়েছিলেন।
কিরণ দাবি করেছেন, গিরিবালা কখন ত্বিষা স্যালোঁয় এসেছিলেন এবং কীভাবে টাকা মিটিয়েছিলেন, সে বিষয়ে বারবার প্রশ্ন করেন। কিরণ জানান, ত্বিষা তাঁদের দীর্ঘদিনের খদ্দের হলেও প্রায় ৯ মাস পর তিনি স্যালোঁয় এসেছিলেন। গিরিবালার ফোন কলের কিছুক্ষণের মধ্যেই আইনজীবীর বেশে কয়েকজন সিসিটিভি ফুটেজ চাইতে স্যালোঁয় যান, যাদের পরিচয় এখনও স্পষ্ট নয়। এই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, ত্বিষার মৃত্যুর পর তাঁর শাশুড়ি দাবি করেছিলেন যে ত্বিষা মাদকাসক্ত ছিলেন এবং আত্মঘাতী হয়েছেন।
তবে ময়নাতদন্তের রিপোর্টে ৩৩ বছর বয়সী ত্বিষার দেহে মাদকের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ত্বিষার পরিবার প্রথম থেকেই পণের জন্য নির্যাতনের অভিযোগ করে আসছিল। সম্প্রতি, মধ্যপ্রদেশ হাইকোর্ট এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং ত্বিষার পলাতক স্বামী সমর্থ সিং গ্রেপ্তার হয়েছেন। নতুন এই সিসিটিভি ফুটেজ ও শাশুড়ির ফোন কলের তথ্যপ্রমাণ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।








