অদিতি মুন্সি বিতর্কের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট বিকাশ ভট্টাচার্যের, আইনি লড়াইয়ে সামাজিক সেন্টিমেন্টের ব্যাখ্যা

অদিতি মুন্সি বিতর্কের মধ্যেই সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট। আইনি লড়াইয়ে সামাজিক সেন্টিমেন্টের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির হয়ে হাইকোর্টে সওয়াল করার পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বাম কর্মীদের একাংশ প্রশ্ন তুলেছেন, যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একসময় তাঁদের উপর অত্যাচারের অভিযোগ ছিল, তাঁর স্ত্রীর হয়ে কেন মামলা লড়ছেন বিকাশবাবু? এই বিতর্কের আবহেই নিজের ফেসবুক প্রোফাইলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি।

পোস্টে বিকাশ ভট্টাচার্য একজন আমেরিকান আইনজীবীর জীবন কাহিনী তুলে ধরেছেন, যিনি বাইবেল বিরোধী একটি মামলায় এক শিক্ষকের হয়ে সওয়াল করেছিলেন। ওই শিক্ষক চার্লস ডারউইনের ‘ওরিজিন অব স্পেসিস’ তত্ত্ব পড়ানোর জন্য ছাঁটাই হয়েছিলেন। বিকাশবাবু লিখেছেন, “স্কুলে ঐ তত্ত্ব পড়ানোর জন্য ছাঁটাই হওয়া শিক্ষকের হয়ে সওয়াল করে বাইবেলের অসারতা প্রমাণ করেছিলেন।” তিনি আরও উল্লেখ করেছেন, “ন‍্যয় বিচারের স্বার্থে তথাকথিত সমাজিক সেন্টিমেন্টের তোয়াক্কা না করে এক জঘন্য খুনির হয়ে সওয়াল করায় স্বার্থান্বেষী মিডিয়া কীরকম কুৎসার শিকার হয়েছিলেন সেটাও লক্ষ‍্যনীয়।”

বিশ্লেষকদের মতে, এই পোস্টের মাধ্যমে বিকাশ ভট্টাচার্য সম্ভবত তাঁর আইনি লড়াইয়ের পক্ষে সাফাই দিতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে, কোর্টরুমে সামাজিক আবেগ বা সেন্টিমেন্টের চেয়ে আইনি যুক্তি ও ন্যায়বিচারই প্রধান। রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়িক অদিতি মুন্সির বিরুদ্ধে বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনেছিলেন। সেই মামলাতেই অদিতির হয়ে সওয়াল করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যা নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছে।