রবিবার সকালে কলকাতার ৩ ঠিকানায় বুলডোজার অ্যাকশন, ভাঙা হচ্ছে সোনা পাপ্পু-রাজুদের অবৈধ নির্মাণ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতা জুড়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল পুরসভা। তিলজলা, কসবা, বেলেঘাটায় বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল সোনা পাপ্পু-রাজুদের বহুতল।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই শহরজুড়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজে নেমেছে কলকাতা পুরসভা। রবিবার সকালে তিলজলা, কসবার বোসপুকুর এবং বেলেঘাটা – এই তিন ঠিকানায় পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে অভিযান চালায়। নোটিস দেওয়া সত্ত্বেও সদুত্তর না মেলায় এদিন ‘অবৈধ’ বিল্ডিংগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ডে সকালেই পৌঁছে যায় পুরসভার একটি দল। সম্প্রতি তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যুর পর প্রশাসনের টনক নড়ে।

অভিযোগ ছিল, এলাকায় বেশ কিছু কারখানা ও বহুতল অগ্নিসুরক্ষা বিধি না মেনেই চলছিল। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করে পুরসভা। পুলিশের কড়া ঘেরাটোপের মধ্যেই হাতুড়ি ও কাটার মেশিনে ভাঙা হয় নিয়ম লঙ্ঘন করে গড়ে ওঠা কাঠামো। বেলেঘাটায় ইস্ট কুরিয়া রোডে একটি নির্মীয়মাণ বাড়ি ভাঙতে নামে পুরসভার ডেমোলিশন টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি তৃণমূল নেতা রাজু নস্করের। ২১ মে বাড়িটিতে নোটিস দেওয়া হয়েছিল, কিন্তু কোনো তথ্য জমা না পড়ায় এদিন সকালে পুরসভার দল সেখানে হাজির হয়। প্রথমে হাতুড়ি-গাঁইতি দিয়ে কাঠামো ভাঙা শুরু হয়, এরপর বুলডোজার নামিয়ে পুরো ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। কসবার বোসপুকুর এলাকায় জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পুর একটি পাঁচতলা ভবনকে বেআইনি ঘোষণা করে ভাঙার কাজ শুরু হয়। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে ঘটনাস্থলে গিয়ে পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলেন। তিনি জানান, যাঁরা বেআইনি নির্মাণ করেছেন বা মদত দিয়েছেন, সকলের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।