হোয়াইট হাউসের সামনে গুলি, নিজেকে যিশু খ্রিস্ট দাবি করা নাসিরে বেস্ট নিহত

হোয়াইট হাউসের সামনে গুলি চালিয়ে নিহত নিজেকে যিশু খ্রিস্ট দাবি করা নাসিরে বেস্ট। সিক্রেট সার্ভিসকে হুমকি ও মানসিক সমস্যার ইতিহাস ছিল তাঁর।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে গুলি চালানোর ঘটনায় নিহত হয়েছেন নাসিরে বেস্ট (২১) নামের এক যুবক। নিজেকে ‘যিশু খ্রিস্ট’ বলে দাবি করা ওই যুবক শনিবার রাতে হোয়াইট হাউসের চেকপয়েন্টের কাছে নিরাপত্তা রক্ষীদের উপর আচমকা গুলি চালাতে শুরু করেন। পাল্টা গুলিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এক পথচারীও গুরুতর আহত হয়েছেন, যাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরে বেস্ট মেরিল্যান্ডের বাসিন্দা ছিলেন। আদালতের নথিপত্র এবং সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ ও ‘ফক্স নিউজ়’-এর রিপোর্ট অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিজেকে যিশু খ্রিস্ট বলে প্রচার করতেন। এর আগেও তিনি একাধিকবার হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করেছেন। এমনকি, সিক্রেট সার্ভিসের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই নিয়ে মামলাও হয় এবং আদালত তাঁকে আমেরিকান প্রেসিডেন্টের বাসভবনের ত্রিসীমানায় পা না রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করেন।

২০২৫ সালের ২৬ জুন সিক্রেট সার্ভিসের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগে নাসিরেকে আটক করা হয়েছিল, যদিও পরে তিনি ছাড়া পেয়ে যান। গত বছরেও তিনি দু’বার হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করেন – একবার ফেব্রুয়ারিতে এবং একবার অগস্টে। তখনও নিরাপত্তা রক্ষীরা তাঁকে আটক করে ছেড়ে দিয়েছিলেন। এদিনের ঘটনায় হোয়াইট হাউসে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং পুলিশ জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেছে। নাসিরের সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।