ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ দক্ষিণ আফ্রিকার বৃহত্তম অভয়ারণ্য ক্রুগার ন্যাশনাল পার্কে দুই পর্যটকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার বিকেলে লেভুবু ও লিম্পোপো নদীর সংযোগস্থলের কাছে ভাসমান অবস্থায় দেহগুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পর্যটকের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। একজনের শরীরের উপরের অংশে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল, যা হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করছে।
পুলিশ জানিয়েছে, ওই দুই পর্যটক একটি সবুজ রঙের ‘ফোর্ড রেঞ্জার’ ক্যাবে করে পার্কে প্রবেশ করেছিলেন। শেষবার তাদের গত ২০ মে পাফুরি পিকনিক সাইট এলাকায় দেখা যায়। নির্ধারিত ক্যাম্পে ফিরে না আসায় কর্তৃপক্ষ তল্লাশি অভিযান শুরু করে। এর পরেই তাদের দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই পর্যটকদের ব্যবহৃত গাড়িটিও বেপাত্তা। এর ফলে পুলিশ খুনের পাশাপাশি গাড়ি ছিনতাইয়ের মামলাও রুজু করেছে। দক্ষিণ আফ্রিকার পুলিশ, জরুরি পরিষেবা কর্মী, SANParks কর্তৃপক্ষ এবং সীমান্ত ব্যবস্থাপনা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। সন্দেহভাজনদের খুঁজতে বড়সড় অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ক্রুগার ন্যাশনাল পার্কের শতবর্ষের ইতিহাসে এটি সম্ভবত প্রথম এমন হত্যাকাণ্ড। এই ঘটনা দক্ষিণ আফ্রিকার পর্যটন শিল্পেও গভীর উদ্বেগ তৈরি করেছে। পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দ্রুত অপরাধীদের ধরতে বদ্ধপরিকর বলে জানিয়েছে।








