ঈদের ছুটিতে বাড়ি ফেরা ১৭ জনের মর্মান্তিক মৃত্যু, ঢাকা-টাঙ্গাইল রোডে লোহা বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল রোডে লোহা বোঝাই ট্রাক উল্টে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু। চালকের অসাবধানতাই কারণ বলে অনুমান পুলিশের।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন যাত্রী। ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফেরার পথে এই ভয়াবহ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে যাওয়া একটি লোহা বোঝাই ট্রাক সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় ট্রাকের উপরে থাকা সকল যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানিয়েছেন, অতিরিক্ত গতির কারণেই ট্রাকটি উল্টে যেতে পারে। বিপরীত দিক থেকে আসা অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের কোনো প্রমাণ মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালকের অসাবধানতা বা ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ কর্মস্থল ছেড়ে বাড়ির পথে রওনা হয়েছেন। ট্রেন ও বাসের মতো পর্যাপ্ত যানবাহনের অভাব থাকায় অনেকেই মালবাহী ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। নিহত ১৭ জন যাত্রী ঢাকা থেকে চালকের সঙ্গে বোঝাপড়া করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।