ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী জুন মাসেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই সফরের মূল উদ্দেশ্য হল বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলির নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা। অবৈধ অনুপ্রবেশ, গবাদি পশু পাচার, মাদক চক্র এবং জাল নোট পাচারের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই দিল্লিতে এই সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল নিয়ে কেন্দ্রের উদ্বেগ রয়েছে। সীমান্ত নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এবার সরাসরি মাঠে নামছেন শাহ। বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর আধুনিকীকরণ এবং নজরদারিতে প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, এই সফরের গুরুত্ব শুধুমাত্র প্রশাসনিক স্তরেই সীমাবদ্ধ নয়। বিধানসভা নির্বাচনের পর সীমান্ত নিরাপত্তা ইস্যুকে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আনতে চাইছে বিজেপি।
শাহের এই সফরকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে, যা সীমান্তবর্তী জেলাগুলিতে বিজেপির সংগঠন আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে। দেশের আন্তর্জাতিক সীমান্তে নজরদারি জোরদার করতে শাহ সম্প্রতি রাজস্থান ও গুজরাটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রিপুরা সফরেরও কর্মসূচি রয়েছে।








