ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ নির্বাচনী ভরাডুবির পর চরম রাজনৈতিক সংকটের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ক্ষমতা হারানোর পর থেকেই দলের অন্দরে ভাঙন স্পষ্ট। জানা গিয়েছে, রাজ্যজুড়ে ১০০ জনেরও বেশি তৃণমূল কাউন্সিলর তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগেই এই গণপদত্যাগ। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিল তিল করে গড়ে তোলা দলটি। ১৫ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় এসেছিল তৃণমূল। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমতা হারিয়েছে তারা।
ক্ষমতাচ্যুতির পর থেকেই দলের একাধিক ছোট-বড় নেতা ও কাউন্সিলরকে দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে দলের অন্দরে অসন্তোষ চরমে পৌঁছেছে। বিভিন্ন পুরসভা থেকে পদত্যাগের খবর মিলেছে। উত্তর ব্যারাকপুর পুরসভা থেকে ১৫ জন, গারুলিয়া থেকে ১৮ জন, কাঁথি থেকে ১৪ জন, হালিশহর থেকে ১৬ জন, ভাটপাড়া থেকে ৩০ জন এবং ডায়মন্ড হারবার থেকে ৮ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। বিশেষত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারেও এই ভাঙন দলের জন্য বড় ধাক্কা। পৌরসভা এবং বুথ স্তরে এই ভাঙন দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বর্তমানে দলকে বাঁচানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। যদিও তিনি আত্মবিশ্বাসী যে, তাঁর দল আবারও ঘুরে দাঁড়াবে এবং তিনি নিজেই দল পুনর্গঠনের কাজ শুরু করেছেন।








