নারীদের অপমান ও হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ, কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নারীদের অপমান ও হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে গায়ক কবীর সুমনের বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের। 'জাতির কথা' সংগঠনের অভিযোগ, পুলিশি তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ প্রখ্যাত গায়ক ও সুরকার কবীর সুমনের  বিরুদ্ধে নারীদের অপমান এবং হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ‘জাতির কথা’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের দাবি, কবীর সুমন তাঁর বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মহিলাদের প্রতি আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন এবং হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। এই ঘটনায় শিল্পী মহলে এবং রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারী সংগঠনটি সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছে, কবীর সুমন নিজেকে বুদ্ধিজীবী মনে করলেও তাঁর ব্যবহৃত ভাষা, বিশেষ করে মহিলা ও বাঙালিদের প্রতি, একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের মন্তব্য বরদাস্ত করা যায় না। সংগঠনটি আরও দাবি করেছে যে, তারা এই শিল্পীকে জেলে পাঠানোর জন্য সবরকম চেষ্টা করবে এবং ন্যায়বিচার পাবে। বিধানসভা নির্বাচনের পরপরই এই অভিযোগ দায়ের হওয়ায় গায়ক নতুন করে বিতর্কের মুখে পড়েছেন।

উল্লেখ্য, কবীর সুমন একসময় তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি নিজেকে পুরোপুরি তৃণমূলপন্থী বলে স্বীকার করেন না। বামপন্থী মনোভাবাপন্ন সুমন বিজেপি এবং হিন্দুত্ববাদের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। এর আগেও তাঁর বিভিন্ন মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। যদিও পুলিশ সূত্রে খবর, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কবীর সুমনের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়নি। তবে অভিযোগের ভিত্তিতে নিয়ম মেনে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই আইনি পদক্ষেপের ফলে কবীর সুমনের ভাবমূর্তি কতটা প্রভাবিত হয়, তা সময়ই বলবে।