নিম্নচাপের জেরে ফের বৃষ্টির পূর্বাভাস! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি

নিম্নচাপের জেরে ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা, আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা।

Share:

ব্যুরো নিউজ, ১১ আগস্ট ২০২৬ : ভরা শ্রাবণে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, হুগলী এবং নদীয়া সহ প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিহার, দালটনগঞ্জ, দীঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত।

এর পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তও বজায় রয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী ১২ আগস্ট নাগাদ একই অঞ্চলে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামীকাল অর্থাৎ বুধবারও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগণা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি চলবে।