দক্ষিণবঙ্গে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা, দুর্যোগ ৫ জেলায়, কী হবে কলকাতায়? আজকের আবহাওয়া আপডেট।

দক্ষিণবঙ্গে ৬০ কিমি বেগে ঝড়ের কমলা সতর্কতা, দুর্যোগ ৫ জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ও আগামীকাল প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

Share:

ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ : বাংলাজুড়ে তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় বদলের পূর্বাভাস জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও মিনি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতা গরমে পুড়লেও, বেলার দিকে শহরও ঝড়-বৃষ্টির সম্মুখীন হতে পারে বলে খবর। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন আসছে। জলপাইগুড়ি জেলায় এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বাকি জেলাগুলিতেও কালবৈশাখী ও প্রবল বৃষ্টির দাপট চলবে। দক্ষিণ বিহার থেকে ঝাড়খণ্ড ও অভ্যন্তরীণ ওড়িশা হয়ে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি বজায় রয়েছে, যা এই আবহাওয়ার পরিবর্তনের কারণ।

আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রবল কালবৈশাখী ও বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।