৩ বছরের জট কাটল! বেলেঘাটায় মেট্রোর ফুট ওভারব্রিজ নির্মাণে কলকাতা পুলিশের অনুমতি, শুরু হচ্ছে কাজ

৩ বছর পর বেলেঘাটা মেট্রো স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির অনুমতি দিল কলকাতা পুলিশ। শুরু হচ্ছে ৪৫ দিনের ট্রাফিক ব্লক। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বেলেঘাটা স্টেশনে দীর্ঘ তিন বছর ধরে ঝুলে থাকা ফুট ওভারব্রিজ নির্মাণ প্রকল্পে অবশেষে সবুজ সংকেত দিল কলকাতা পুলিশ। পূর্বতন সরকারের আমলে মেট্রো কর্তৃপক্ষের তরফে বারবার আবেদন জানানো সত্ত্বেও নো অবজেকশন সার্টিফিকেট (NOC) না মেলায় এই গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যায়নি। তবে সম্প্রতি রাজ্য সরকারের সহযোগিতায় এবং পালাবদল হতেই লালবাজার ট্রাফিক বিভাগ এই প্রকল্পের জন্য ছাড়পত্র দিয়েছে, যা মেট্রো কর্তৃপক্ষের কাছে এক বড় স্বস্তি।

রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL), যারা অরেঞ্জ লাইনের দায়িত্বে রয়েছে, বেলেঘাটা স্টেশনের দুই প্রান্তকে সংযুক্ত করে এই ফুট ওভারব্রিজটি তৈরি করবে। এর আগে চিংড়িঘাটার গুরুত্বপূর্ণ অংশে মেট্রোর কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার বেলেঘাটার এই প্রকল্পে হাত দেওয়া হচ্ছে। জানা গেছে, ফুট ওভারব্রিজের মূল কংক্রিটের পিলার তৈরির জন্য মেট্রোপলিটন এবং ইএম বাইপাসের মাঝের অংশে আংশিক ব্লকেজের প্রয়োজন পড়বে। এরপর ইস্পাতের গার্ডার বসানো হবে। এই বিশেষ কাজের জন্য আগামী ৩১ মে রাত থেকে অথবা ১ জুন থেকে টানা ৪৫ দিন ইএম বাইপাসে আংশিক ট্রাফিক ব্লক অথবা যান চলাচলে বিধিনিষেধ থাকবে।

কলকাতা ট্রাফিক পুলিশের একটি সূত্র অনুযায়ী, রুবিগামী যে সমস্ত গাড়ি ওই পথ দিয়ে যায়, সেগুলিকে মেট্রো স্টেশনের আগেই বেইলি ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলি সার্ভিস রোড ধরে মাঠপুকুর ক্রসিং হয়ে পুনরায় ইএম বাইপাসে উঠবে। এছাড়াও, শহরে অফিস টাইমে বা ব্যস্ত সময়ে বাইপাসে যাতে গাড়ির লম্বা লাইন না পড়ে, সেজন্য সিগন্যালের সময় আলাদা করে নির্ধারণ করা হবে এবং প্রয়োজনীয় সাইনবোর্ড লাগানো হবে। এই কাজ সম্পন্ন হলে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিক মেট্রো চলাচলের পথ আরও মসৃণ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।