ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ উত্তর ২৪ পরগনার সন্দেশখালি আবারও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। ২০১৯ সালের লোকসভা ভোটের পর ঘটে যাওয়া তিন বিজেপি কর্মী খুনের মামলায় এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দীর্ঘ তদন্তের পর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত ১০ জনকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার রাতে সন্দেশখালির একাধিক এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা এই মামলায় হঠাৎ এমন পদক্ষেপে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
আদালত এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ৮ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের কিছুদিন পর সন্দেশখালির নেজাট এলাকায় ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা। সেই সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বিজেপি কর্মীর। এই ঘটনার পর থেকেই মামলাটি নিয়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের পর অবশেষে মঙ্গলবার রাতে বড় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা।
জানা গিয়েছে, সন্দেশখালির বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালিয়ে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুন এবং রাজনৈতিক হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই গ্রেপ্তারের ফলে মামলার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। সিবিআই সূত্রে খবর, ধৃতদের আলিপুর বিশেষ আদালতে পেশ করা হবে এবং তাদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই গ্রেপ্তারির খবর সামনে আসতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালির রাজনৈতিক পরিস্থিতি।








