ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে মহিলাদের জন্য নতুন অন্নপূর্ণা যোজনা চালু করার ঘোষণা করেছেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলারা মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এই নতুন প্রকল্প চালুর পাশাপাশি পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থাকা একাধিক অসঙ্গতি দূর করা হবে।
তিনি সরাসরি অভিযোগ করেন যে, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় একজন পুরুষও ভাতা পেতেন, যার নাম রাকিবুল শেখ। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, অন্নপূর্ণা যোজনার মূল লক্ষ্য একটি স্বচ্ছ ও নির্ভুল উপভোক্তা তালিকা তৈরি করা। সেই উদ্দেশ্যে আবেদনপত্রের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাও তিনি উল্লেখ করেন। আয়কর দাতা, সরকারি কর্মচারী, নিয়মিত বেতনভোগী অথবা পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনার অর্থ পাবেন না।
মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রতি সপ্তাহে কতজন নতুন করে নাম নথিভুক্ত করছেন, সেই তথ্য মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রকাশ করবেন বলেও জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই চলবে এবং এর জন্য ৯০ দিন সময়সীমা ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক কাজ শুরু হলেও ১ জুন থেকে পূর্ণ মাত্রায় কর্মসূচি চালু হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি অন্নপূর্ণা যোজনার আওতায় না আসছেন, ততদিন তাঁর লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার পর আগের প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। ফর্ম পূরণে সাহায্যের জন্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি যাবেন এবং জনকল্যাণ শিবিরও আয়োজন করা হবে।








