অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে বাড়ি গিয়েও সাহায্য করবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে বাড়ি গিয়েও সহযোগিতা করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে নাম নথিভুক্তকরণ পর্যন্ত।

Share:

ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, এই প্রকল্পের ফর্ম পূরণের জন্য সাধারণ মানুষকে বাড়ি গিয়েও সহযোগিতা করা হবে। পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে পর্যন্ত চালু থাকবে, সেই ধোঁয়াশাও দূর করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। তবে, যারা ২ জুনের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন, তারা জুন মাস থেকেই নতুন প্রকল্পের টাকা পাবেন এবং তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যজুড়ে ‘জনকল্যাণ শিবির’ আয়োজন করা হবে।

এই শিবিরগুলি থেকে আমজনতাকে ফর্ম পূরণ ও জমা দেওয়ার বিষয়ে সব রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে। অনলাইন ও অফলাইনে মোট ৯০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে। ফর্মের মাধ্যমে প্রতিটি পরিবারের একটি সামগ্রিক তথ্য সংগ্রহ করা হবে, যা পরবর্তীকালে অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পেও কাজে লাগানো যাবে। প্রকল্পের অগ্রগতি জানাতে প্রতি সপ্তাহে সাংবাদিক বৈঠক করবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।