ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ বিবাহিত দম্পতিদের আর্থিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা মাথায় রেখে দুটি নতুন পলিসি চালু করল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)। এই দুটি প্ল্যান, ‘নিউ জীবন সাথী সিঙ্গেল প্রিমিয়াম’ এবং ‘নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম’, একই পলিসির অধীনে স্বামী ও স্ত্রী উভয়কেই জীবন বিমা ও সঞ্চয়ের সুবিধা দেবে। এলআইসি-র এই নতুন প্ল্যানগুলি নন-মার্কেট লিঙ্কড, অর্থাৎ শেয়ার বাজারের অস্থিরতার প্রভাব এগুলির উপর পড়বে না। পলিসিধারীরা গ্যারান্টিযুক্ত রিটার্ন এবং সুবিধা পাবেন, যা আগে থেকেই নির্ধারিত থাকবে।
‘নিউ জীবন সাথী সিঙ্গেল প্রিমিয়াম’ প্ল্যানটি একটি জয়েন্ট লাইফ সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান। এতে এককালীন প্রিমিয়াম দিতে হয়। প্রতি ১০০০ টাকা মূল বীমা অঙ্কের উপর ৭০ টাকা অতিরিক্ত গ্যারান্টিযুক্ত সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, ‘নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম’ প্ল্যানটি একটি জয়েন্ট লাইফ লিমিটেড প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান। এখানে সীমিত সময়ের জন্য প্রিমিয়াম দিতে হয়, কিন্তু পলিসির সুবিধা দীর্ঘ সময় ধরে পাওয়া যায়।
এই প্ল্যানে প্রথম স্বামী বা স্ত্রীর মৃত্যুতে ভবিষ্যতের প্রিমিয়াম মকুবের সুবিধা রয়েছে এবং মোট বার্ষিক প্রিমিয়ামের উপর ৭% নিশ্চিত অতিরিক্ত সুবিধা মেলে। উভয় প্ল্যানেই পলিসির মেয়াদ বেছে নেওয়ার স্বাধীনতা, মেয়াদপূর্তি ও মৃত্যুকালীন সুবিধা কিস্তিতে নেওয়ার বিকল্প এবং ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। এই নতুন পলিসিগুলি বিবাহিত দম্পতিদের জন্য একটি সুরক্ষিত আর্থিক ভবিষ্যতের পথ খুলে দেবে।








