ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও অগ্নিগর্ভ। বৃহস্পতিবার সকালে ইরানে ফের হামলা চালাল মার্কিন সেনাবাহিনী। বন্দর আব্বাসের কাছে এই অভিযান চালানো হয়। এই হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরান। সেদেশের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে। স্থান সম্পর্কে খোলসা করে কিছু না জানানো হলেও, আগামীদিনে এমন আক্রমণ জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। দক্ষিণ-পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বন্দর আব্বাস কৌশলগতভাবে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় সময় আজ ভোরের দিকে শহরের পূর্বদিকে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। বিগত তিন দিনের মধ্যে ইরানের মাটিতে এটি দ্বিতীয় মার্কিন হামলা। ওয়াশিংটনের তরফে অবশ্য এবিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে সরব হয়েছে তেহরান। বন্দর আব্বাস আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় আইআরজিসি। ড্রোনের মাধ্যমে এই হামলা করা হয়। ইরানের এমন অন্তত চারটি ড্রোন মার্কিন সেনা নিষ্ক্রীয় করেছে বলে জানিয়েছে রয়টার্স। এই ঘটনায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।








