জুন থেকে রোজ ২৫০ ডোমেস্টিক ফ্লাইট বাতিল, জ্বালানি সঙ্কটে বিপাকে যাত্রীরা

জুন থেকে অগস্ট পর্যন্ত জ্বালানি সঙ্কটের জেরে রোজ ২৫০টি ডোমেস্টিক ফ্লাইট বাতিল হতে পারে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা।

Share:

ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ : পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম লাগামছাড়া। এর জেরে ভারতের বিমান পরিবহণ শিল্পও বড়সড় ধাক্কার মুখে। জুন মাস থেকে আগামী তিন মাস, অর্থাৎ অগস্ট পর্যন্ত, দেশের অন্যতম প্রধান দুই বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া তাদের অভ্যন্তরীণ উড়ানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাতে চলেছে।

প্রাথমিক হিসেব অনুযায়ী, এই দুই সংস্থা মিলিয়ে দিনে অন্তত ২৫০টি ঘরোয়া বিমান বাতিল করবে। এর ফলে দেশের বড় বড় শহরগুলির যাত্রীরা, বিশেষ করে যারা নিয়মিত বিমানে যাতায়াত করেন, তারা চরম অসুবিধায় পড়তে পারেন। শুধু তাই নয়, বিমান যাত্রার খরচও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমান সংস্থাগুলির দাবি, বিমানের জ্বালানি অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল (ATF)-এর দাম প্রতি কিলোলিটারে ৭৫-৮০ হাজার টাকা থেকে বেড়ে ১,০৯,৪৫০ টাকায় পৌঁছেছে (কলকাতায়)। এর সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাট। এই বিপুল খরচ সামাল দিতে এবং লোকসান কমাতে সংস্থাগুলি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এয়ার ইন্ডিয়া তাদের অভ্যন্তরীণ উড়ানের সংখ্যা ২০-২২ শতাংশ কমাবে, যা দিনে প্রায় ১১০টি উড়ান। ইন্ডিগো তাদের ৫-৭ শতাংশ উড়ান কমাবে, যা প্রায় ১১০টি। সব মিলিয়ে দিনে ২৫০টি উড়ান বাতিল হওয়ার সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে, এর ফলে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলির যাত্রীরা বেশি সমস্যায় পড়বেন। কলকাতা থেকে মুম্বই, দিল্লি বা বেঙ্গালুরুর মতো রুটে উড়ানের সংখ্যা কমলেও, কলকাতার যাত্রীরা খুব বেশি অসুবিধায় পড়বেন না বলে আশা করা হচ্ছে।