সাগরে তৃণমূল নেতার দোকান থেকে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

দক্ষিণ ২৪ পরগনার সাগরে তৃণমূল নেতার দোকান থেকে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। প্রশাসন তদন্ত শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার সাগরে তৃণমূল নেতার দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সাগরের ৬ নম্বর বুথের বুথ সভাপতি দেবাশিস মাইতি অবৈধভাবে বিভিন্ন ত্রাণ সামগ্রী স্থানীয় তৃণমূল নেতা ভূপতি মাইতির দোকানে মজুত করে রেখেছিলেন। স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে পুলিশ ওই দোকানে তল্লাশি চালিয়ে ৪৩টি ত্রিপল, ১৩ বস্তা চুন, ১১ বস্তা মাছের খাবার সহ একাধিক সরকারি সামগ্রী উদ্ধার করে।

স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই তৃণমূল সরকারের বিভিন্ন ত্রাণের জিনিস জোর করে সরিয়ে রাখা হচ্ছিল। খবর পেয়ে তাঁরাই ওই দোকান খুলে পুলিশকে খবর দেন। পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া সামগ্রীগুলি পার্শ্ববর্তী বিডিও অফিসে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। উল্লেখ্য, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এগরা থেকেও এক তৃণমূল নেতার বাড়ি থেকে হাজার হাজার সরকারি ত্রিপল উদ্ধার হয়েছিল। আমফানের মতো দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার নামে এই বিপুল পরিমাণ সামগ্রী আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। রাজ্য সরকার বদলের পরেই একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ সামনে আসছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।