ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ঃ তামিলনাড়ুর সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমাতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে যেসব বাড়িতে প্রতি দুই মাসে ৫০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়, সেই সব গ্রাহকদের ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই ঐতিহাসিক প্রকল্পের জন্য তামিলনাড়ু বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন (টিএনইআরসি) ১,৫৪৫.১৪ কোটি টাকার অস্থায়ী ভর্তুকি অনুমোদন করেছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, এই বিশেষ সুবিধা ২০২৬ সালের ১০ মে থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, মোট ৩২৬ দিনের জন্য। নতুন নিয়মে স্পষ্ট জানানো হয়েছে, যেসব আবাসিক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার দুই মাসে ৫০০ ইউনিটের মধ্যে থাকবে, তারাই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। তবে, যাদের ব্যবহার ৫০০ ইউনিটের বেশি, তাদের ক্ষেত্রে পুরনো ট্যারিফ কাঠামোই প্রযোজ্য হবে। তারা আগের মতোই প্রতি দুই মাসে ১০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের সুবিধা ভোগ করতে পারবেন। এই প্রকল্পের কারণে বিদ্যুৎ বণ্টন সংস্থা টিএনপিডিসিএলের যে আর্থিক ক্ষতি হবে, তা সরকার পূরণ করবে বলে অঙ্গীকারপত্র জমা দিয়েছে।
টিএনপিডিসিএল কমিশনকে জানিয়েছে, এই প্রকল্প চালানোর জন্য সরকার অতিরিক্ত ট্যারিফ ভর্তুকি হিসেবে ১,৭৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রকল্পটি ১০ মে থেকে কার্যকর হওয়ায়, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ১,৫৪৫.১৪ কোটি টাকার অস্থায়ী ভর্তুকির প্রয়োজন ধরা হয়েছে। কমিশন জানিয়েছে, গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তথ্য জমা পড়লে চূড়ান্ত ভর্তুকি নির্ধারিত হবে।








