প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড কলকাতা, উপড়ে গেল গাছ, ভাঙল সাউথ সিটি মলের কাঁচ, ব্যাহত যান ও রেল পরিষেবা

প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। উপড়ে গেল গাছ, ভাঙল সাউথ সিটি মলের কাঁচ। ব্যাহত যান, ট্রেন ও মেট্রো পরিষেবা। শনিবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

Share:

ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ : তীব্র গরমের দাবদাহ থেকে সাময়িক মুক্তি মিললেও, শুক্রবার দুপুরে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে শহর কলকাতা। সঙ্গে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। গ্র্যান্ড হোটেলের সামনে থেকে শুরু করে হরিশ মুখার্জী রোড, এসএসকেএম হাসপাতাল চত্বর, রেড রোড এবং সল্টলেকের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে বা ভেঙে পড়ার খবর পাওয়া যায়।

মুদিয়ালিতে একটি চলন্ত ক্যাবের উপর গাছ পড়লেও, হতাহতের কোনও খবর মেলেনি। ঝড়ের তাণ্ডবে সাউথ সিটি মলের একাধিক কাঁচ ভেঙে যায়। অন্যদিকে, মধ্যমগ্রাম স্টেশনের কাছে গাছ পড়ায় ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ ও হাওড়া দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। মেট্রো পরিষেবাও এর প্রভাব থেকে বাদ যায়নি; কবি সুভাষ ও ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মাঝে লাইনে গাছ পড়ায় পরিষেবা বিঘ্নিত হয় এবং ক্ষুদিরাম স্টেশনের টিনের শেড উড়ে যায়। বিমানবন্দর রানওয়েতে জল জমার কারণে বিমান ওঠানামাতেও সমস্যা দেখা দেয়।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছিল। হাওয়া অফিস জানিয়েছে, শনিবারও রাজ্যের বিভিন্ন অংশে এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ শুরু হয়েছে, তবে শহরের স্বাভাবিক জনজীবন ফেরাতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।