ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ : পশ্চিমবঙ্গকে পরিচ্ছন্ন রাখতে এবং নাগরিক পরিষেবা উন্নত করতে রাজ্য সরকার এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ৩০ মে, শনিবার থেকে চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার এই ঘোষণা করে জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের এলাকায় জমে থাকা আবর্জনা বা নোংরার ছবি তুলে সরাসরি সরকারের কাছে পাঠাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত সাফাইয়ের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, প্রথম তিন মাস এই অ্যাপ সম্পর্কে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে। মানুষকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে উৎসাহিত করা হবে এবং ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোরও পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র আবর্জনার ছবি আপলোড করাই নয়, পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়মকানুন এবং পুরসভার পরিষেবা বিষয়ক যেকোনো অভিযোগও এই অ্যাপের মাধ্যমে জানানো যাবে। রাজ্য সরকার দ্রুত সেইসব অভিযোগের নিষ্পত্তি করবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
অগ্নিমিত্রা আরও জানান, তিন মাস সচেতনতা প্রচার শেষ হওয়ার পর যত্রতত্র নোংরা ফেললে জরিমানা করা হবে। যদিও জরিমানার বিস্তারিত নিয়মাবলী এখনও জানানো হয়নি। তাঁর কথায়, ‘স্বচ্ছ, স্মার্ট, আধুনিক বাংলা গড়ার পথে এটি একটি নতুন পদক্ষেপ।’ রাজ্য সরকার প্রযুক্তির সাহায্যেই পরিচ্ছন্ন বাংলা গড়তে চাইছে, যাতে রাস্তা, নিকাশি, আবর্জনা এবং অন্যান্য নাগরিক পরিষেবার হাল-হকিকত রাজ্যবাসীর হাতের মুঠোয় থাকে। ‘স্বচ্ছ অ্যাপ’ এই যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠবে।








