ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ মায়ানমারের সামরিক জান্তার প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, যিনি সম্প্রতি দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তাঁর প্রথম বিদেশ সফরে ভারতে আসছেন। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনের এই সফরে তিনি প্রথমে বুদ্ধগয়া যাবেন, সেখান থেকে দিল্লি ও মুম্বই হয়ে দেশে ফিরবেন। এই সফরে তাঁর মূল কর্মসূচি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক।
উল্লেখ্য, মিন অং হ্লাইং ২০২১ সালে নোবেল জয়ী নেত্রী সু চি’কে ক্ষমতাচ্যুত করে সেনার হাতে সরকারের ভার তুলে নেন। অন্যদিকে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও পর্যন্ত কোনও উচ্চবাচ্য হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানালেও, ঢাকার তরফে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। কূটনৈতিক মহলে জল্পনা, তারেক রহমান প্রথমে চিন সফরে যেতে পারেন। চিনের রাষ্ট্রদূত এই বিষয়ে যথেষ্ট তৎপর এবং আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর স্তরে আলোচনার প্রয়োজনীয়তার বার্তা দিয়েছেন।
এদিকে, মায়ানমারের নতুন প্রেসিডেন্টের ভারত সফরের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সে দেশের বিরোধী জোট ন্যাশনাল ইউনিটি গভর্মেন্ট। তারা মিন অং হ্লাইংকে ‘জঙ্গি সেনানায়ক’ বলে বর্ণনা করেছে এবং তাঁর সফরের সময় ভারত প্রবাসী মায়ানমারের নাগরিকেরা বিক্ষোভের কর্মসূচি নিয়েছে। বিরোধী জোটগুলির অভিযোগ, মিন অং হ্লাইংয়ের নির্দেশে মায়ানমারের পুলিশ ও সেনা নির্বিচারে গণহত্যা ও মানবাধিকার হরণ করে চলেছে। এমন এক বিতর্কিত ব্যক্তিকে ভারতে আমন্ত্রণ জানানোয় তারা নয়া দিল্লির সমালোচনা করেছে। মিন অং হ্লাইং বুদ্ধগয়াতে প্রার্থনা ও স্থানীয় মায়ানমার নাগরিকদের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি ও মুম্বইয়ে শিল্প ও বণিক মহলের সঙ্গেও বৈঠক করবেন।








