টানা তিন মাস ভারতীয় শেয়ার বাজার থেকে সরছে বিদেশি লগ্নি, মে মাসেও অব্যাহত প্রবণতা

টানা তিন মাস ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নি সরছে। মে মাসেও অব্যাহত এই প্রবণতা। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতি এর প্রধান কারণ।

Share:

ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) লগ্নি সরানোর প্রবণতা গত তিন মাস ধরে অব্যাহত রয়েছে। ন্যাশনাল সিকিউরিটি ডিপোজ়িটরি লিমিটেড (NSDL)-এর রিপোর্ট অনুযায়ী, মে মাসে ইন্ডিয়ান ইক্যুইটি মার্কেট থেকে ৩২,৯৬৩ কোটি টাকার লগ্নি তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর ফলে টানা তিন মাস ধরে ভারতের বাজার থেকে নেট সেলার হিসেবে কাজ করছেন ফরেন ইনভেস্টররা।

এনএসডিএল-এর তথ্য বলছে, এপ্রিল মাসে ৬০,৮৪৭ কোটি টাকা এবং মার্চ মাসে রেকর্ড ১,১৭,৭৭৫ কোটি টাকার লগ্নি সরানো হয়েছিল। যদিও মার্চ মাসের তুলনায় মে মাসে লগ্নি সরানোর অঙ্ক কিছুটা কমেছে। চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ভারতের বাজার থেকে মোট ২,২৪,৯৩২ কোটি টাকার বিদেশি লগ্নি সরেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতার পিছনে ভূ-রাজনৈতিক অস্থিরতা একটি বড় কারণ।

পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা ভারতের আমদানি বিল ও মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়েছে। এর ফলে ডলারের সাপেক্ষে টাকার দামেও উল্লেখযোগ্য পতন হয়েছে, যা ভারতের মতো উদীয়মান বাজারে বিদেশি লগ্নিকারীদের আগ্রহ কমিয়েছে।

জিওজিৎ ইনভেস্টমেন্টসের রিসার্চ প্রধান ভি কে বিজয়কুমার জানিয়েছেন, বর্তমানে বাজারে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে বাজার পড়লে লগ্নিকারীরা কেনার দিকে ঝুঁকছেন এবং বাজার বাড়লে মুনাফা তুলে নিচ্ছেন। তবে স্মল ক্যাপ ও মিড ক্যাপ সংস্থাগুলি ভালো ফল প্রকাশ করায় এবং আশাব্যঞ্জক বৃদ্ধির পূর্বাভাস দেওয়ায় সেগুলিতে ইতিবাচক কার্যকলাপ দেখা যাচ্ছে।