ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কাসোলে পর্যটকদের তাণ্ডবের জেরে এক স্থানীয় যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় কাসোলের একটি বিখ্যাত হোটেলের সামনে এই ঘটনা ঘটে। প্রাথমিক সূত্রে খবর, কোনও একটি বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দু’টি দলের মধ্যে বচসার সূত্রপাত হয়, যা দ্রুত হাতাহাতিতে পরিণত হয়। সেই সময়েই এক পর্যটক আচমকা বন্দুক বের করে গুলি চালিয়ে দেন। গুলি লাগে স্থানীয় যুবকের পায়ে, তিনি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন। পুরো ঘটনাটি এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
ফুটেজে দেখা যায়, আহত যুবককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত পর্যটক ফের বন্দুক লোড করে গুলি চালানোর চেষ্টা করেন, কিন্তু তাঁর সঙ্গীরা তাঁকে থামিয়ে দেন। খবর পেয়ে কুল্লু থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঞ্জাবের চার পর্যটককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন মনপ্রীত সিং (২৯), আমন রণধাওয়া (২২), সুখমনদীপ সিং (১৭) এবং করণদীপ সিং (২২)। সকলেই পাঞ্জাবের বাসিন্দা।
ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত আরও এক অভিযুক্ত এখনও পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনা কাসোলের মতো শান্ত পর্যটন কেন্দ্রে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।








