খড়্গপুরে মর্মান্তিক ঘটনা: কাঁসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর

খড়্গপুরের কাঁসাই নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল তিন কিশোরের। নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় তারা। এলাকায় শোকের ছায়া।

Share:

ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ঃ খড়্গপুরের কাঁসাই নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি হল তিন কিশোরের। নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। মৃতরা হল নিখিল চারি (১৬), জেনিথ চারি (১৭) এবং ক্যালেব ডি বাঙ্গ (১৬)। তারা সকলেই খড়্গপুর শহরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছয় বন্ধুর একটি দল কাঁসাই নদীর এনিকেত বাঁধ সংলগ্ন এলাকায় ঘুরতে গিয়েছিল। তাদের মধ্যে নিখিল, জেনিথ ও ক্যালেব নদীতে স্নান করার সিদ্ধান্ত নেয়। বাকি বন্ধুরা তাদের বারবার নদীতে নামতে বারণ করলেও, তারা সেই নিষেধ শোনেনি। নদীতে নামার সঙ্গে সঙ্গেই প্রবল স্রোতের টানে ভেসে যায় তিন কিশোর। বন্ধুদের তলিয়ে যেতে দেখে বাকিরা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা প্রথমে নৌকা নিয়ে তলিয়ে যাওয়া কিশোরদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু নদীর জলের গভীরতা বেশি থাকায় তাদের খুঁজে পাওয়া যায়নি। এরপর খবর দেওয়া হয় খড়্গপুর থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। দীর্ঘক্ষণের চেষ্টায় তিন কিশোরকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নদীতে প্রবল স্রোত থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এই অকালমৃত্যুতে পরিবার ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।