লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি: কৃষ্ণনগরে ১৭৩ পুরুষ উপভোক্তার নাম, চাঞ্চল্য

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট কেলেঙ্কারি! কৃষ্ণনগর ২ ব্লকে ১৭৩ জন পুরুষের নাম উপভোক্তা তালিকায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, SIT তদন্তের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ রাজ্যজুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগ ক্রমশ বাড়ছে। এবার নদিয়ার কৃষ্ণনগর ২ ব্লকে এই প্রকল্পে ব্যাপক দুর্নীতির চিত্র সামনে এল, যেখানে অন্তত ১৭৩ জন পুরুষ উপভোক্তার নাম তালিকাভুক্ত হয়েছে। মহিলাদের জন্য নির্ধারিত এই সরকারি প্রকল্পের অর্থ পুরুষেরা দীর্ঘদিন ধরে নিচ্ছিলেন বলে অভিযোগ। নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য তালিকা যাচাই করতে গিয়েই এই চাঞ্চল্যকর জালিয়াতি ধরা পড়ে।

বিডিও অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ১৭৩ জন পুরুষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। এই অনিয়ম সামনে আসার পর কৃষ্ণনগর ২ ব্লকের বিডিও জেলাশাসকের কাছে ওই পুরুষদের নাম বাতিলের আবেদন জানিয়েছেন। এই ঘটনায় বিডিও অফিসের এক কর্মীকে শোকজও করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই কেলেঙ্কারিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার ফের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন, কাউকে ছাড়া হবে না। ডিজিকে এসআইটি গঠন করতে বলা হয়েছে।” মুখ্যমন্ত্রী আরও ইঙ্গিত দেন যে, তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে যেতে পারে। তিনি অভিযোগ করেন, “অবৈধ অনুপ্রবেশকারী সহ হাজার হাজার তৃণমূল নেতা যারা মহিলা নন, বা প্রকল্পের আওতার বাইরে, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন।” এর আগে বহরমপুরের রাকিবুল শেখ, রঘুনাথগঞ্জের তারিকুর রহমান ও মুস্তাফিজুর রহমানের মতো তৃণমূল নেতারা এই একই অভিযোগে গ্রেফতার হয়েছেন। জেলায় জেলায় অভিযানে আরও বহু লোকের নাম উঠে আসছে।