অভিষেক ৩২১ খুনের আসামি, ছাড় পাবে না: মন্ত্রী অর্জুন সিংয়ের বিস্ফোরক দাবি

মন্ত্রী অর্জুন সিংয়ের বিস্ফোরক দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২১টি খুনের আসামি। তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করলেন তিনি। বিজেপি দরজা খুললে মমতা ছাড়া কেউ থাকবে না, কটাক্ষ অর্জুনের।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২১টা খুনের আসামি!” অর্জুন সিংয়ের এই মারাত্মক অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আইনের শাসনে অভিষেকও কোনওভাবে ছাড় পাবেন না। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং গতকালই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের সামনে এসে তিনি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই নয়, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও তীব্র কটাক্ষ করেন। তাঁর দাবি, তৃণমূল রাজনৈতিক দল হিসেবে আর বেশিদিন টিকবে না। অর্জুন সিংয়ের কথায়, “পাস্ট ইজ পাস্ট।” তিনি আরও বলেন, যে দল পুরোপুরি সরকারি দলে পরিণত হয়, তারা প্রকৃত রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারে না। তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করে অর্জুন সিং কটাক্ষ করেন, “বিজেপি যদি সত্যিই দরজা খুলে দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না।”

তিনি এও স্পষ্ট করে দেন যে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নেবে না। অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূল আমলে বহু অত্যাচার হয়েছে, বহু খুন হয়েছে। যদিও তিনি কোন মন্ত্রিত্ব পাচ্ছেন, সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি। তাঁর বক্তব্য, “রাজনৈতিক কর্মীদের কাছে সব দায়িত্বই সমান।” বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।