টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ছেন সূর্যকুমার যাদব? অধিনায়কত্বও হারাতে পারেন ‘স্কাই’!

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সত্ত্বেও খারাপ ফর্মের জেরে অধিনায়কত্ব হারাতে পারেন সূর্যকুমার যাদব। দল থেকেও বাদ পড়ার সম্ভাবনা 'স্কাই'-এর।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই ভারতীয় দলের অধিনায়কত্ব হারাতে পারেন তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল থেকে তাঁকে বাদও দেওয়া হতে পারে। বিসিসিআই সূত্রে খবর, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে এখন থেকেই নতুন দল গোছাতে চাইছে বোর্ড, যেখানে জায়গা নাও হতে পারে ‘স্কাই’-এর।

সূত্রের খবর অনুযায়ী, গত দেড় বছর ধরে সূর্যের ব্যাটে সেই চেনা তেজ দেখা যাচ্ছে না। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করার পর, তাঁর পরবর্তী ৫০-এর গণ্ডি পার করতে প্রায় দেড় বছর সময় লেগে যায়। যদিও ২০২৬ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পরপর তিনটি হাফ-সেঞ্চুরি এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৮৪ রান করে কিছুটা আশা জাগিয়েছিলেন, তবে টুর্নামেন্টের বাকি অংশে তিনি ধারাবাহিকতা দেখাতে পারেননি।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের জুলাই মাসে যখন সূর্যকুমারকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়, তারপর থেকেই তাঁর পারফরম্যান্সের ধার কমতে শুরু করে। অধিনায়ক হওয়ার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর গড় ছিল ৪৩.৬০, যেখানে ৪টি সেঞ্চুরি এবং ২০টি হাফ-সেঞ্চুরি ছিল। কিন্তু অধিনায়কত্বের আর্মব্যান্ড পরার পর তাঁর গড় নেমে দাঁড়ায় ২৫.৮৮-এ, যেখানে হাফ-সেঞ্চুরি এসেছে মাত্র ৬টি। সদ্য শেষ হওয়া ২০২৬ সালের আইপিএল-এও তিনি ১৩টি ইনিংসে মোটে ২৭০ রান করেছেন, গড় ছিল মাত্র ২০.৭৬। অতীতের পারফরম্যান্স দিয়ে যে বেশিদিন টিকে থাকা যায় না, তার আরও এক বড় প্রমাণ মিলতে চলেছে ভারতীয় ক্রিকেট দলে।