ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ গত কয়েকদিনের অসহ্য গরম ও ভ্যাপসা আবহাওয়ায় দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পুরোপুরি গরম থেকে মুক্তি মিলবে না, তবে সাময়িক স্বস্তি পেতে পারে রাজ্যবাসী। দিনের বেলায় গরম থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরের পর থেকে হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, ফলে বৃষ্টি হলেও গরমের হাত থেকে সম্পূর্ণ নিস্তার মিলবে না। কলকাতার আবহাওয়াতেও সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিকেলের দিকে শহর ও শহরতলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মালদহে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও অন্যান্য জেলাগুলিতে মাঝেমধ্যেই বৃষ্টি দেখা যাবে। আগামী দু’দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সব মিলিয়ে, রাজ্যের একদিকে আংশিক স্বস্তি, অন্যদিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস নিয়েই কাটবে আজকের দিন।








