ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক সংকটের কারণে বহু ছাত্রছাত্রীর পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে স্কলারশিপ বা শিক্ষা বৃত্তি তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে। এমনই এক গুরুত্বপূর্ণ শিক্ষা বৃত্তি হল ‘কাইন্ড সার্কেল স্কলারশিপ’, যা প্রথম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। এই স্কলারশিপের মাধ্যমে নূন্যতম ৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে। কাইন্ড সার্কেল নামক একটি সংস্থার উদ্যোগে এই স্কলারশিপ প্রদান করা হয়।
এর মূল উদ্দেশ্য হল, যোগ্য অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে সহায়তা করা। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতের যেকোনো সরকার অনুমোদিত স্কুল বা কলেজে পাঠরত হতে হবে। শেষ পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর প্রাপ্তি আবশ্যক। এছাড়াও, পরিবারের বার্ষিক আয়ের একটি নির্দিষ্ট সীমা রয়েছে, যা আবেদনকারীদের অবশ্যই মেনে চলতে হবে। আগ্রহী পড়ুয়ারা ‘Buddy4Study.com’ ওয়েবসাইটে গিয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
প্রথমে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে একটি ফর্ম পূরণ করতে হবে, যেখানে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে দিতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে শেষ পরীক্ষার মার্কশিট, আধার/ভোটার/প্যান কার্ড, পারিবারিক আয়ের শংসাপত্র এবং নতুন কোর্সে ভর্তির রশিদ। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আগে সমস্ত তথ্য একবার যাচাই করে নেওয়া জরুরি। এই স্কলারশিপ বহু শিক্ষার্থীর জীবনে আশার আলো নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।








