ভারতে ইবোলার আশঙ্কা: হায়দরাবাদে উপসর্গ নিয়ে হাসপাতালে ২ রোগী ভর্তি

ভারতে ইবোলার আতঙ্ক? হায়দরাবাদে দুই ব্যক্তির শরীরে ইবোলার উপসর্গ ধরা পড়ায় স্বাস্থ্য দফতর জরুরি পদক্ষেপ নিয়েছে। সংক্রমণ নিশ্চিত না হলেও সতর্কতা জারি।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ আফ্রিকার একাধিক দেশে ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রকোপ বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সুদান, কঙ্গো ও উগান্ডার মতো মধ্য আফ্রিকার দেশগুলিতে সংক্রমণ বৃদ্ধির ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এই আন্তর্জাতিক সতর্কতার আবহে ভারতেই ইবোলা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। হায়দরাবাদে দুই ব্যক্তির শরীরে ইবোলার উপসর্গ ধরা পড়ায় স্বাস্থ্য দফতর জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও সংক্রমণ নিশ্চিত হয়নি, সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুদান থেকে আগত ৩৬ বছর বয়সী এক ব্যক্তি হায়দরাবাদের শামশাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় সন্দেহজনক উপসর্গ নিয়ে ধরা পড়েন। শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করার পরই দ্রুত তাঁকে হায়দরাবাদের গান্ধী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষভাবে তৈরি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই ব্যক্তি ভারতে পড়াশোনার সঙ্গে যুক্ত। তাঁর সংস্পর্শে আসা আরও এক ব্যক্তিকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীদের নমুনা পরীক্ষার জন্য প্রথমে হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজিতে পাঠানো হয়েছে। চূড়ান্ত পরীক্ষার জন্য নমুনাগুলি পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে যাবে।

ফলাফল হাতে পেতে প্রায় এক সপ্তাহ লাগতে পারে। ততদিন পর্যন্ত রোগীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রেখে চিকিৎসা করা হবে। আফ্রিকার সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের বিমানবন্দরগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা আরও কঠোর করা হয়েছে। গান্ধী হাসপাতালের ইবোলা নোডাল অফিসার ডা. সুনীল কুমার জানিয়েছেন, ২০ শয্যার একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসন আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জ্বর, দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলেছে।