ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করে ভারতকে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সু-৫৭ সরবরাহের প্রস্তাব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় বায়ুসেনা যখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চাহিদা মেটাতে উন্নত প্রযুক্তিসম্পন্ন ফাইটার জেট খুঁজছে, ঠিক তখনই এই প্রস্তাব সামনে এল। শুধু যুদ্ধবিমান সরবরাহ নয়, প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরেও মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন। তাঁর এই মন্তব্য ভারত-রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় পুতিন স্মরণ করিয়ে দেন যে, এর আগেও রাশিয়া ভারতকে যৌথভাবে সু-৫৭ যুদ্ধবিমান নির্মাণের প্রস্তাব দিয়েছিল। সেই প্রকল্পে ভারত একসময় অংশগ্রহণ করলেও ২০১৮ সালে সেখান থেকে সরে দাঁড়ায়। পুতিন জানান, রাশিয়া ইতিমধ্যেই নিজস্ব উদ্যোগে সু-৫৭ তৈরি করেছে এবং এখন চাইলে ভারতের সঙ্গে যৌথ উৎপাদন বা প্রযুক্তিগত সহযোগিতার পথও খোলা রয়েছে। নয়াদিল্লি আগ্রহ দেখালে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে আরও গভীর অংশীদারিত্বে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সুখোই ডিজাইন ব্যুরো নির্মিত সু-৫৭ বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ যুদ্ধবিমান হিসেবে পরিচিত।
এটি একইসঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক রাডার এড়ানোর প্রযুক্তি, উন্নত সেন্সর ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধের পরিবেশেও কার্যকর থাকার ক্ষমতা এই বিমানকে অনন্য করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ভারত যদি এই যুদ্ধবিমান নিজেদের বহরে অন্তর্ভুক্ত করে, তবে দক্ষিণ এশিয়া এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। পুতিন ভারতের অর্থনৈতিক অগ্রগতিরও ভূয়সী প্রশংসা করেছেন। এই প্রস্তাবের ফলে ভারত-রাশিয়া সম্পর্ক আরও গভীর হতে পারে বলে মনে করা হচ্ছে।







