সই বিকৃতি: রক্ষাকবচ পেলেন না অভিষেক, ৮ জুন সিআইডি তলব, হাইকোর্টে শুনানি ১০ তারিখ

সই বিকৃতি মামলায় রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ জুন সিআইডি তলব, ১০ জুন হাইকোর্টে শুনানি। ইন্ডিয়া জোটের বৈঠক নিয়েও প্রশ্ন।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ বিধায়কদের সই বিকৃতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস শুক্রবার এই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। ফলে, ৮ জুন ভবানী ভবনে সিআইডি-র তলবে হাজিরা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে গত ৩১ মে অভিষেককে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজির হননি। এরপর সিআইডি তাঁকে ৮ জুন হাজিরার নির্দেশ দেয়। তদন্তকারী সংস্থার এই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর আইনজীবীরা দ্রুত শুনানির আর্জি জানালেও আদালত তা গ্রহণ করেনি। আগামী ১০ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ৮ জুন দিল্লিতে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে অভিষেকের যোগ দেওয়ার কথা। সিআইডি-র তলব এবং জোটের বৈঠক, এই দুইয়ের মধ্যে তিনি কোনটিকে অগ্রাধিকার দেবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য, প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দিতে স্পিকারকে লেখা একটি চিঠিতে ৭০ জন বিধায়কের সই ছিল। সেই সইয়ের অসঙ্গতি নিয়ে তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ জানান। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডি তদন্ত শুরু করে। গোয়েন্দাদের যুক্তি, চিঠিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকের সই ছিল, তাই তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এই মামলা ঘিরে রাজ্য রাজনীতিতে চাপানউতোর অব্যাহত।