আসাম সরকারি কর্মীদের জন্য সুখবর: ২% ডিএ বৃদ্ধি ঘোষণা হিমন্ত সরকারের, জুন মাস থেকেই কার্যকর

আসাম সরকার সরকারি কর্মীদের জন্য ২% মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছে। জুন মাস থেকে কার্যকর এই সিদ্ধান্তে ৮ লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ আসাম সরকারি কর্মীদের জন্য সুখবর। রাজ্য সরকার মহার্ঘ ভাতা (DA) ২ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেন। এই বৃদ্ধির ফলে আসামের ৮ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী জানান, এতদিন সরকারি কর্মীরা ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, যা এবার বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। এই বর্ধিত মহার্ঘ ভাতা জুন মাস, ২০২৬ থেকেই কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের ৯ লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন।

মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে তাঁদের মূল বেতনের ৬০ শতাংশ ডিএ হিসাবে মিলবে। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন যে, এই পরিবর্তনের ফলে বর্তমান কর্মচারী, পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী এবং বিশেষ পেনশন গ্রহণকারীরা লাভবান হবেন। এই বৃদ্ধি তাঁদের হাতে আসা আয় এবং পেনশনে সামান্য বাড়তি সুবিধা দেবে, যা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রভাব প্রশমিত করতে সাহায্য করবে। মহার্ঘ ভাতা হল সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য প্রদত্ত একটি সমন্বয়, যা মুদ্রাস্ফীতির প্রবণতার ওপর ভিত্তি করে সময়ে সময়ে পরিবর্তন করা হয়। অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনার মধ্যেই আসাম সরকারের এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে কর্মীদের মধ্যে স্বস্তি এনেছে।