ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ নিউ আলিপুরে তোলাবাজির অভিযোগে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুলিশ সূত্রে খবর, নির্মাণ কাজের অনুমতি পেতে কাঠা পিছু ১০ লক্ষ টাকা দাবি করতেন স্বরূপ। শুধু তাই নয়, বাড়ি বা ফ্ল্যাট তৈরির পুরো বরাতও তাঁর সিন্ডিকেটকে দিতে বাধ্য করা হত। ইঁট, বালি, সিমেন্ট, রড—সবকিছুই তাঁর লোকজন সরবরাহ করত। এমনকি সাধারণ নাগরিকরা বাড়ির জানালা বদলাতেও তাঁর সিন্ডিকেটকে টাকা দিতে বাধ্য হতেন বলে অভিযোগ।
এই অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় পাঁচটি মামলা দায়ের হয়েছে, যেখানে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মতো গুরুতর ধারা যুক্ত রয়েছে। সরকারি আইনজীবী আদালতে জানিয়েছেন, আরও অন্তত ৫০টি অভিযোগ জমা পড়ার সম্ভাবনা রয়েছে। তদন্তে জানা গেছে, স্বরূপ বিশ্বাস শুধু নির্মাণ শিল্পেই নয়, টলিউডেও তাঁর প্রভাব খাটিয়ে কলাকুশলী, প্রযোজক ও ক্যামেরাম্যানদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা আদায় করতেন। কলাকুশলীদের পারিশ্রমিকের একটি অংশ তাঁকে দিতে হত বলে অভিযোগ।
তৃণমূলের ১৫ বছরের শাসনকালে টলিউডে তাঁর একচ্ছত্র আধিপত্য ছিল বলে দাবি করা হচ্ছে। এলাকার ছোটখাটো ব্যবসা শুরু করতে গেলেও প্রথমে এককালীন তোলা এবং পরে মাসোহারা দিতে হত বলে অভিযোগ। শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিকে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই নিউ আলিপুরে স্বরূপের ক্লাব সুরুচি সংঘে স্থানীয় বাসিন্দারা তুমুল ভাঙচুর ও লুটপাট চালায়। অরূপ-স্বরূপকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়। অভিযোগ উঠেছে, নিউ আলিপুর ও চারু মার্কেট এলাকার থানাগুলিতেও স্বরূপের প্রভাব ছিল, তাঁর অনুমতি ছাড়া কোনও মামলা করা যেত না। এই বিপুল পরিমাণ তোলাবাজির টাকা কোথায় গেল, তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।







