ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ তাজ বেঙ্গলে অনুষ্ঠিত ‘ব্র্যান্ড চর্চা’ টকশো-তে সফল বাঙালি উদ্যোগপতিরা ‘বাঙালি ব্যবসা করতে জানে না’ এই চিরাচরিত অপবাদকে নস্যাৎ করে নিজেদের সাফল্যের কাহিনি শোনালেন। শত কোটির সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যের গল্প তুলে ধরেন অউধ, কেসি দাস, ভজহরি মান্না এবং কেভেন্টারের মতো নামী ব্র্যান্ডের কর্ণধারেরা।
আলোচনার শুরুতে প্ল্যাটার হসপিটালিটির প্রতিষ্ঠাতা সদস্য শিলাদিত্য চৌধুরি, কেসি দাসের ডিরেক্টর ধীমান দাস, ভজহরি মান্না রেস্তরাঁর প্রতিষ্ঠাতা সদস্য সিদ্ধার্থ বোস এবং কেভেন্টার অ্যাগ্রোর মার্কেটিং হেড সুপর্ণা মুক্যাদুম উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে আলোচনায় যোগ দেন বিখ্যাত খাদ্যরসিক ইন্দ্রজিৎ লাহিড়ী। উদ্যোক্তারা একযোগে জানান, শুধুমাত্র মানুষের ভালোবাসা ও পণ্যের গুণগত মানের উপর নির্ভর করেই তাঁরা আজ এই জায়গায় পৌঁছেছেন।
কেসি দাসের ধীমান দাস বলেন, “রিপিট কাস্টমার চাইলে মানের সঙ্গে আপোষ করা যাবে না।” ভজহরি মান্নার সিদ্ধার্থ বোসও এই মতকে সমর্থন করেন। যদিও কেভেন্টারের সুপর্ণা মুক্যাদুম মার্কেটিংকেই সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে মনে করেন। শিলাদিত্য চৌধুরি তাঁর ১০০ কোটির বিরিয়ানির ব্যবসার অভিজ্ঞতা ভাগ করে নেন।
তিনি জানান, কীভাবে লখনউ বিরিয়ানি ও গলৌটি কাবাবের মতো নতুন পদ এনে অউধকে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করেছেন। ব্যবসা করতে গিয়ে দুধের যোগান সহ নানা সমস্যার সম্মুখীন হওয়ার কথাও উঠে আসে। এই ‘ব্র্যান্ড চর্চা’ নতুন প্রজন্মকে বাংলায় বসে সফল ব্যবসায়ী হওয়ার অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে।








