ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই জোসেফ বিজয়ের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এক কড়া বার্তা দেওয়া হয়েছে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (TASMAC)-এর মাধ্যমে হওয়া বিপুল দুর্নীতির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, প্রতি মাসে প্রায় ১০২ কোটি টাকা TASMAC-এর মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল, যা গত পাঁচ বছরে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছেছে।
মুখ্যমন্ত্রী বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মদ বিক্রি করে যে আয় হবে, তার পুরোটাই রাজ্যের কোষাগারে জমা পড়তে হবে। এই ধরনের ‘পার্টি ফান্ড’ সিস্টেম আর চলবে না। মুখ্যমন্ত্রী আবগারি মন্ত্রী কে ভিগনেশকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে সব ধরনের অর্থ পাচার বন্ধ করতে হবে এবং জনগণের টাকা কোষাগারে ফেরাতে হবে। তিনি আরও জানিয়েছেন, দুর্নীতি বা মানুষের কষ্টের টাকা দিয়ে তাঁর সরকারের রাজস্বের প্রয়োজন নেই।
TASMAC-এর খুচরা ও পাইকারি নেটওয়ার্কের মাধ্যমে এই ধরনের কাজ চলত, যা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার আগেই বিজয় তামিলনাড়ুকে মাদক মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী, মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা সরকারি মদের দোকান বন্ধ করার এবং ৭১৭টি মদের দোকান পাকাপাকিভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এবার TASMAC-এর দুর্নীতি তাঁর নজরে এসেছে।






