ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কালনার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এবার কালনা স্টেশনে দাঁড়াবে একাধিক এক্সপ্রেস ট্রেন। একইসঙ্গে শিয়ালদা-কাটোয়া রুটে নতুন লোকাল ট্রেন চালুরও সম্ভাবনা তৈরি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত কালনাবাসী। জানা গিয়েছে, কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই বিষয়ে লিখিত আবেদন জানান। শনিবার কলকাতায় রেলমন্ত্রীর হাতে আবেদনপত্র তুলে দেন তিনি। চিঠিতে কালনা স্টেশনে পাহাড়িয়া এক্সপ্রেস, হাওড়া–বালুরঘাট এক্সপ্রেস এবং গরিব রথ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এছাড়াও, সকালের দিকে কাটোয়া থেকে শিয়ালদহ এবং সন্ধ্যায় শিয়ালদহ থেকে কাটোয়া ফেরার জন্য নতুন লোকাল ট্রেনের ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। ঐতিহাসিক স্থাপত্য ও মন্দিরের জন্য পরিচিত কালনা সারা বছরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। কলকাতা থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে রেলপথে আসতে হলে অম্বিকা কালনা স্টেশনে নামতে হয়। দীর্ঘদিন ধরে এই স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আবার তুলে নেওয়া হয়েছিল, যা নিয়ে ক্ষোভ ছিল। বিধায়ক সিদ্ধার্থ মজুমদার তাঁর ফেসবুক হ্যান্ডেলে জানিয়েছেন, রেলমন্ত্রী দাবিগুলি পূরণের আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, কালনার ইন্দিরাবাজার রেলগেট অঞ্চলে একটি ওভারব্রিজ এবং জিউধরা রেলগেট এলাকায় আন্ডারপাস তৈরির অনুরোধও করা হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় কালনা স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে, এই অবস্থায় নতুন ট্রেন পরিষেবা ও স্টপেজ শহরের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








