ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ পাটনার জনপ্রিয় শিক্ষক ফয়জল খান ওরফে খান স্যর অবশেষে আদালতের রক্ষাকবচ পেলেন। মঙ্গলবার পাটনা কোর্ট খান স্যরকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছে। এর ফলে, পাটনায় তাঁর কোচিং সেন্টারের সামনে হওয়া গুলি কাণ্ডের ঘটনায় আপাতত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। আদালতের বিচারক জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ খান স্যরের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না। একই সঙ্গে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার জন্য।
এই ঘটনা খান স্যরের অনুগামীদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি করেছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পাটনায় খান স্যরের কোচিং সেন্টারের বাইরে গুলি চালানোর ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এই ঘটনায় তাঁর নাম জড়িয়ে যাওয়ায় খান স্যরকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে আদালতের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তি ফিরল। এই মামলার পরবর্তী শুনানি কবে হবে, সেদিকেই তাকিয়ে সকলে।







