ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্র নবান্নে শুরু হয়েছে রঙ বদলের পালা। গত পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে নীল-সাদা রঙে সেজে উঠেছিল রাজ্যের প্রধান সচিবালয়। কিন্তু ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সেই ঐতিহ্যের অবসান ঘটিয়ে এবার গেরুয়া প্রলেপ পড়তে শুরু করেছে নবান্ন চত্বরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর প্রশাসনের কাজে গতি আসার পাশাপাশি এবার প্রশাসনিক ভবনের রঙেও পরিবর্তন আনা হচ্ছে।
মঙ্গলবার অমৃতযোগ দেখে নবান্ন সভাগৃহে গেরুয়া ও সাদা রঙ লাগানোর কাজ শুরু হয়েছে জোর কদমে। যদিও গোটা নবান্ন ভবন গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার জন্য এখনও পূর্ত দফতর দরপত্র ডাকেনি, তবে এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অতীতে এ রাজ্যে প্রশাসনিক ভবনকে রাজনৈতিকভাবে অর্থবহ কোনও রঙে রাঙিয়ে দেওয়ার রীতি ছিল না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীল পাড় সাদা শাড়ির সঙ্গে সঙ্গতি রেখে নীল-সাদা রঙ ব্যবহারের চল শুরু হয়েছিল, যা রাস্তার রোড ডিভাইডার পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
বিশেষজ্ঞদের একাংশের মতে, নবান্নের নীল-সাদা রঙে পেশাদারি ভাবের অভাব ছিল। তবে নতুন গেরুয়া ও সাদা রঙ কতটা ভালো দেখাবে, তা নিয়েও সংশয় রয়েছে। তাঁদের মত, প্রশাসনিক ভবনকে এমনভাবে রঙ করা উচিত যাতে তা নিরপেক্ষ ও গাম্ভীর্যপূর্ণ সচিবালয়ের চেহারা পায়, রাজনৈতিক রঙের প্রভাব যেন তাতে না থাকে। এই রঙ বদল কেবল একটি প্রতীকী পরিবর্তন নাকি প্রশাসনিক পেশাদারিত্বের দিকে পদক্ষেপ, তা সময়ই বলবে।








