পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১১ জন

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ১১ জন, আহত ৭০। পাক সেনা ও জনতার মধ্যে তীব্র সংঘাত, জারি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ পাক অধিকৃত কাশ্মীরে (PoK) আসিম মুনিরের সেনার বিরুদ্ধে জনরোষ ভয়াবহ আকার ধারণ করেছে। সেনার আগ্রাসন ও অকথ্য নির্যাতনের বিরুদ্ধে সেখানকার জনতা ফুঁসে উঠেছে। অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে সেনার সঙ্গে সংঘর্ষে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৭০ জন। পরিস্থিতি এতটাই গুরুতর যে আমেরিকা, ব্রিটেন এবং কানাডার মতো প্রথম সারির দেশগুলি তাদের নাগরিকদের জন্য জরুরি ‘ট্র্যাভেল অ্যাডভাইসরি’ বা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

জানা যাচ্ছে, আগামী ২৭ জুলাই অধিকৃত কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনের ফল সরকারের বিরুদ্ধে যেতে পারে, এমন আশঙ্কায় সন্ত্রাসী সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে মাঠে নেমে পড়েছে সেনা। নাগরিক সমাজের জোট ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেএএসি)-কে নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার জেএএসি ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু তার আগেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে।

রাওয়ালকোটের এক সরকারি হাসপাতালের মর্গের সামনে পুলিশের গুলিতে মৃত এক সমাজকর্মীর দেহ রাখা ছিল। সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। অভিযোগ, শান্তিপূর্ণ সেই জমায়েতেই পাক রেঞ্জার্স ও পুলিশ হামলা চালায়। এর পালটা পুলিশের উপর আক্রমণ করে ক্ষুব্ধ জনতা। এই খণ্ডযুদ্ধে ৪ নিরাপত্তারক্ষীর পাশাপাশি ৬ সাধারণ নাগরিকের মৃত্যু হয়। সব মিলিয়ে ১১ জনের মৃত্যুর পাশাপাশি ৭০ জন আহত হয়েছেন। এই অঞ্চলে সেনার বিরুদ্ধে গেরিলা যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।