ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ মুর্শিদাবাদের বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পৈতৃক বাড়ি আন্দির ‘সাতকড়ি’ ভবনে ফের হানা দিল সিআইডি। বৃহস্পতিবার বিকেলে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়। সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল বড়ঞা থানার আন্দি গ্রামে জীবনকৃষ্ণের পৈতৃক বাড়ি ‘সাতকড়ি’ ভবনে পৌঁছয়। সূত্র মারফত খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের তদন্তেই সিআইডি এই তল্লাশি অভিযানে নেমেছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। সে সময় কেন্দ্রীয় আধিকারিকদের দেখে তিনি বাড়ির পাশের পুকুরে দু’টি মোবাইল ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তিন দিন ধরে তল্লাশি চালিয়ে, ডুবুরি নামিয়ে এবং পুকুরের জল ছেঁচে সেই মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়েছিল। তবে তার থেকে বিশেষ তথ্য উদ্ধার হয়নি। এরপর তিনি প্রায় ১৩ মাস জেলে ছিলেন এবং পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। পরে ইডির হাতেও গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ।
ইডি তাঁকে গ্রেফতার করতে গেলে তিনি আবার নিজের মোবাইল ফোন বাড়ির পিছন দিকের ঝোপে ফেলে দেন বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম বারবার উঠে আসছে। তদন্তকারীরা এই তল্লাশি অভিযান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা করছেন।








