ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ : তৃণমূলের অন্দরে ডামাডোলের আবহে এবার মুখ খুললেন দলের দীর্ঘদিনের সৈনিক অনুব্রত মণ্ডল। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন, “কংগ্রেসকে চটানো উচিত হয়নি।” তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
দলের মধ্যে যে ‘বিদ্রোহ’ দেখা দিয়েছে, সেটিকে অন্যায় বলে মনে করেন না অনুব্রত। তাঁর কথায়, “অন্যায় তো করেনি কেউ। খারাপ কাজ তো করেনি কিছু। তাঁরা বিজেপি করেননি। তাঁরা আলাদা একটা ফ্রন্ট তৈরি করেছেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর গভীর সমবেদনা প্রকাশ করে অনুব্রত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচণ্ড খারাপ লাগছে। ভদ্রমহিলাকে দেখলে কষ্ট হচ্ছে।” তিনি আরও জানান, যারা দল ছেড়েছেন, তারাও একই কথা বলবেন। সাম্প্রতিক বিধানসভা ভোটে দলের খারাপ ফলের জন্য ভোটকুশলী সংস্থা আইপ্যাক-কেই দায়ী করেছেন অনুব্রত। তাঁর অভিযোগ, আইপ্যাক ‘টাকা খাওয়ার’ জন্য এসেছিল এবং তথ্য পাচার করেছে।
নিজের রাজনৈতিক নিষ্ক্রিয়তা প্রসঙ্গে অনুব্রত জানান, এবারের ভোটে তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। কোর কমিটির মিটিংয়ে বলা হয়েছিল, কোনও বিধায়ক ডাকলে তিনি যাবেন। তাই আগ বাড়িয়ে ভোট করতে যাননি। জেল থেকে মুক্তির পর থেকেই তিনি রাজনীতি থেকে দূরে রয়েছেন বলেও জানান কেষ্ট। বর্তমানে তিনি তৃণমূলেই আছেন, তবে ভবিষ্যতে সম্মান না পেলে দল করবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন। তাঁর এই মন্তব্যগুলি তৃণমূলের অন্দরের টানাপোড়েনকে আরও উস্কে দিল।








